নাটোরের নলডাঙ্গা উপজেলায় আখখেতের ভেতরে গড়ে ওঠা একটি গোপন চোলাই মদের কারখানা থেকে প্রায় পাঁচ হাজার লিটার মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে ধ্বংস করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত গ্রামজুড়ে মাদকবিরোধী অভিযান চালান বাসিন্দারা। এ সময় আখখেতের ভেতরে মদ তৈরির একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে মাটির নিচে প্লাস্টিকের ড্রাম পুঁতে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সংরক্ষণ করা হয়েছিল।
অভিযানে অংশ নেওয়া মিন্টু রহমান জানান, প্রশাসনকে জানিয়েও দীর্ঘদিন ধরে মাদক কারবার বন্ধ করা সম্ভব হয়নি। ফলে শুধু গ্রামের মানুষ নয়, আশপাশের এলাকার লোকজনও সেখানে মাদক সেবন করতে আসতেন। পরে গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরা নিজেরাই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
গ্রামবাসীরা জানান, ওই এলাকার আরও অন্তত ১০টি স্থান থেকে মাটির নিচে লুকিয়ে রাখা চোলাই মদের জারকিন উদ্ধার করে ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে মাদক কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলেও স্থানীয়দের দাবি।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেন, “শুধু পুলিশ বা প্রশাসনের ওপর নির্ভর করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। মির্জাপুর দিয়ারপাড়া গ্রামের মানুষের উদ্যোগ প্রশংসনীয়।”
