ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা, সু-৫৭ যুদ্ধবিমান এবং বেসামরিক পারমাণবিক চুল্লি নিয়ে আলোচনা হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী মোদি আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করবেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতের আয়োজনে দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে ব্রিকসের সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও অংশ নেবেন।
