July 17, 2026
EB 2

ত্রাণ শিবিরে হট্টগোল! হঠাৎই শিবির মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রের খবর, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর সঙ্গে বিএনপির আরও কয়েকজন নেতা-কর্মী মঞ্চে অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান, অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই মঞ্চে বিপুলসংখ্যক নেতা-কর্মীর ভিড় জমে যায়। ধারণক্ষমতার বেশি মানুষ মঞ্চে ওঠায় তাঁদের নেমে যাওয়ার জন্য মাইকে একাধিকবার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যেই অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁর সঙ্গে আরও কয়েকজন নেতা-কর্মী মঞ্চে উঠে যান। এর কয়েক মিনিট পর অতিরিক্ত মানুষের চাপে মঞ্চটি ভেঙে পড়ে।

মঞ্চ ভেঙে যাওয়ার পরও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পরে ভাঙা মঞ্চের ওপর দাঁড়িয়েই পাশের কয়েকজন ব্যক্তির হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *