September 3, 2026
WhatsApp Image 2026-09-03 at 8.43.35 AM

রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে এখন দুজন অধ্যক্ষ থাকার ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ইডেন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সুফিয়া আখতারকে কলেজটির অধ্যক্ষ হিসেবে পদায়ন করে। এর আগে কলেজের গভর্নিং বডি অধ্যক্ষ হিসেবে লে. কর্নেল (অব.) শহিদুল হাসানকে নিয়োগ দেয়।

সুফিয়া আখতার গত বৃহস্পতিবার কলেজে যোগদান করেন। কিন্তু শহিদুল হাসান তাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। ফলে অধ্যক্ষের কক্ষে দুজন নিয়মিত অফিস করছেন। শহিদুল হাসান অধ্যক্ষের চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন। আর সুফিয়া আখতার সামনের সোফায় বসে থাকেন।

কলেজ-সংশ্লিষ্টরা বলেন, এটা দৃষ্টিকটু। কলেজে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অধ্যাপক সুফিয়া আখতার বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা। মন্ত্রণালয়ের আদেশে তাকে গত ২৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হয়েছে বলে গণ্য করার কথা বলা হয়।

কলেজ কর্তৃপক্ষ লে. কর্নেল (অব.) শহিদুল হাসানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। নিয়োগে শর্ত ছিল, সরকার কোনো বিধিনিষেধ আরোপ করলে কিংবা নতুন অধ্যক্ষ নিয়োগ দিলে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বলে গণ্য হবে। সরকার নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় আগের অধ্যক্ষের চুক্তিভিত্তিক নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার কথা।

অধ্যাপক সুফিয়া আখতার বলেন, আদেশ পাওয়ার পর আমি প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেছি। তারপর মূল কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে কলেজে এসে যোগদানপত্র জমা দিয়েছি।

কলেজটির গভর্নিং বডির সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাপতি বিএনপি নেতা আবদুস সালাম। অধ্যাপক সুফিয়া আখতার জানান, তিনি কলেজের সভাপতির সঙ্গে দেখা করলে তিনি তাকে দায়িত্ব পালনের জন্য বলেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, গভর্নিং বডিকে নতুন অধ্যক্ষের যোগদান অনুমোদন করে তা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয়। সুফিয়া আখতারের যোগদান গতকাল বুধবার পর্যন্ত গভর্নিং বডি অনুমোদন করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *