September 3, 2026
WhatsApp Image 2026-09-03 at 8.29.36 AM

চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা মির্জা আব্বাস দেশে ফিরেছেন। তিনি বর্তমান ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর বুধবার রাতে তিনি ঢাকায় ফেরেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে স্বজন ও দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মির্জা আব্বাসের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

এ বছরের ১১ মার্চ রোজার ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কয়েক মাস চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরলেন বিএনপির ঢাকার এই প্রভাবশালী নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *