জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের রাজধানী তেহরানে আয়োজিত দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে তিনি খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
সফরকালে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি শোক বইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা প্রদান করেন।
এছাড়া স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
পরে ইরান রেডিওর বাংলা বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গতকাল তেহরান পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
