সীমান্ত নিরাপত্তা জোরদার ও আভিযানিক সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির সীমান্তবর্তী রহমতপুর এলাকায় বিজিবির নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন এ বিওপি ব্যাটালিয়নের ১৩তম বিওপি ক্যাম্প। বিজিবি মহাপরিচালক বলেন, ফেনী নদীর অববাহিকা ও পার্বত্য ভূপ্রকৃতির কারণে রহমতপুর সীমান্ত এলাকা ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নতুন বিওপি চালুর ফলে ফেনী নদীপথ ও দুর্গম পাহাড়ি এলাকায় টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালানের সম্ভাব্য রুট নিয়ন্ত্রণ এবং মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির সক্ষমতা বৃদ্ধি পাবে। বিজিবি সূত্র জানায়, পানুয়া ও কয়লামুখ বিওপির মধ্যবর্তী প্রায় সাত কিলোমিটার দুর্গম সীমান্ত এলাকা পাহাড় ও বনভূমি বেষ্টিত হওয়ায় সেখানে আগে আভিযানিক কার্যক্রম পরিচালনা কঠিন ছিল। রহমতপুর বিওপি স্থাপনের ফলে এ বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাও জোরদার হবে। নতুন বিওপি উদ্বোধনের পর বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন পরিদর্শন করেন এবং চট্টগ্রাম বিজিবি রিজিয়নের বিভিন্ন সেক্টর, ব্যাটালিয়ন, বিওপি ও ক্যাম্পের সদস্যদের সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সে মতবিনিময় করেন। এ সময় তিনি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও অস্ত্রের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন প্রতিরোধে সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
