July 16, 2026
image (3)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় ১১টার দিকে স্থানীয় দালালদের সহায়তায় উপজেলার ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্ত পিলার দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তাঁরা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে রাত ৮টার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে মামলার বাইরে রেখে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁদের মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *