নিছক আড্ডার ছলেই ব্যবসার শুরু। বর্তমানে লাভ প্রায় চার লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটাই করে দেখালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী মনির হোসেন ও জিয়া উদ্দিন।
মনির হোসেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এবং জিয়া উদ্দিন লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। গত মে মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় ছোট্ট স্টলে জার্সি বিক্রি শুরু করেন তাঁরা। ঈদের ছুটিতে লক্ষ্মীপুর শহরেও ফুটপাতে জার্সি বিক্রি করেছেন। মাত্র ১৩টি জার্সি দিয়ে শুরু করা সেই উদ্যোগ এখন দুই মাসে প্রায় চার লক্ষ টাকায় পৌঁছেছে।
দুই বন্ধু জানান, শুরুতে প্রায় ৮০ হাজার টাকা বিনিয়োগ করেন। বিক্রির অর্থ পুনরায় বিনিয়োগ করে ধাপে ধাপে পণ্যের পরিমাণ বাড়ান। এ পর্যন্ত প্রায় ৪০০টি জার্সি বিক্রি করে তাঁদের মোট বিক্রি দাঁড়িয়েছে প্রায় চার লক্ষ টাকা। সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। বর্তমানে তাঁদের সংগ্রহে রয়েছে বিভিন্ন দামের তিনটি ক্যাটাগরির জার্সি। ইতিমধ্যে অনলাইনেও জার্সি সরবরাহ করছেন তাঁরা।
