July 18, 2026
EB 2

একদিকে দায়িত্বপালন, অন্যদিকে নিজের স্বপ্নপূরণ। একই সঙ্গে দু’টিকে সঙ্গী করে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিলেন বাংলাদেশের সাজিয়া সুলতানা। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। রয়েছে সংসার ও দুই সন্তানকে নিয়ে ব্যস্ততা। এসবের মধ্যেও নিজের স্বপ্নকে ভোলেন নি তিনি। এবার জাতীয় পতাকা হাতে অংশ নিতে যাচ্ছেন ‘আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে’।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। গত ১৭ মে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ২ হাজার ৫০০ প্রতিযোগীর সঙ্গে অংশ নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেন সাজিয়া। নারী ৪০-৪৪ বছর বয়সী বিভাগে তিনি ৭ ঘণ্টা ৩১ মিনিটে সাঁতার, সাইক্লিং ও দৌড়ের চ্যালেঞ্জ সম্পন্ন করেন। আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় বিরতিহীনভাবে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়ে ওঠা সাজিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পন্ন করেছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি ভোরবেলায় নিয়মিত সাঁতার, সাইক্লিং ও দৌড়ের অনুশীলন করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। বাংলাদেশে সীমিত অবকাঠামো ও প্রশিক্ষণ অসুবিধার মধ্যেও পরিবার ও কোচের সহযোগিতায় দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছালেন সাজিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *